ভেনিজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৫ কোটি ডলার সহায়তা চাইল ডব্লিউএফপি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলার প্রায় পাঁচ লাখ মানুষের তিন মাসের খাদ্য সহায়তার জন্য পাঁচ কোটি ডলার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

নয়া দিগন্ত অনলাইন
ভেনিজুয়েলায় উদ্ধারকর্মীদের অভিযান
ভেনিজুয়েলায় উদ্ধারকর্মীদের অভিযান |সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনিজুয়েলার প্রায় পাঁচ লাখ মানুষের তিন মাসের খাদ্য সহায়তার জন্য পাঁচ কোটি ডলার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মঙ্গলবার (৩০ জুন) সংস্থাটি এ আবেদন জানায়।

ভেনিজুয়েলায় জাতিসঙ্ঘের এ সংস্থার প্রধান স্টেফানি হখস্টেটার সাংবাদিকদের বলেন, ওই জোড়া ভূমিকম্পে এক হাজার ৯০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এতে আগে থেকেই ঝুঁকির মধ্যে থাকা জনগোষ্ঠী আরো দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘ভূমিকম্পে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অনেকে আগে থেকেই ন্যূনতম খাদ্য কেনার সামর্থ্য হারাচ্ছিল। এখন জীবিকার উৎস ধ্বংস হয়েছে। অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে অনেক পরিবার আরো গভীর সঙ্কটে পড়ার বাস্তব ঝুঁকিতে রয়েছে।’

হখস্টেটার বলেন, ‘এ ধরনের বড় ভূমিকম্প থেকে আমরা যা শিখেছি, তা হলো গণমাধ্যমের নজর সরে গেলেও মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় না।’

তিনি আরো বলেন, ‘এ কারণেই শুরু থেকেই আমরা দীর্ঘমেয়াদি সহায়তার আহ্বান জানাচ্ছি। যাতে পরিবারগুলো দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতার চক্রে আটকে না পড়ে।’

হখস্টেটার জানান, গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের আগে ভেনিজুয়েলায় ডব্লিউএফপির গুদামে দুই মাসের জন্য ১০ হাজারের বেশি পরিবারের খাদ্য মজুত ছিল। পাশাপাশি কলম্বিয়া ও পানামাতেও সংস্থাটির খাদ্য মজুত রয়েছে।

জাতিসঙ্ঘের ২০২৬ সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলায় আগে থেকেই ৭৯ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল।

সূত্র: বাসস