ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করার পর, তার ‘জীবিত থাকার প্রমাণ’ চাইলেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী কোথায় আছেন এ বিষয়ে ভেনিজুয়েলা সরকার জানে না বলেও নিশ্চিত করেন তিনি। তিনি বলেন, সরকার তাদের ‘তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ’ দাবি করেছে।
এর আগে, ভেনিজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পেদ্রিনো হুঁশিয়ারী উচ্চারণ করেছেন যে, তার দেশে বিদেশী কোনো সেনার উপস্থিতি প্রতিহত করবেন তারা।
দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর শনিবার সকালে তিনি হুঁশিয়ারী জানালেন।
পেদ্রিনো বলেন, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তারা হামলায় হতাহতের তথ্য সংগ্রহ করছেন।
এর আগে, শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে।’
সূত্র: বিবিসি, আলজাজিরা



