ভেনিজুয়েলায় গত বুধবার হওয়া জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৩ হাজার মানুষ।
দেশটির পার্লামেন্টের সভাপতি জর্জ রদ্রিগেজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকা পড়ে থাকায়, সেখানে জীবিতদের সন্ধানে জরুরি তল্লাশি অভিযানে যোগ দিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো।
ব্রাজিল, কানাডা, মেক্সিকো, কলম্বিয়া, এল সালভাদর, কিউবা ও যুক্তরাষ্ট্রসহ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ ও জাতিসঙ্ঘ শুক্রবারও অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রেখেছে।
ভেনিজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদোর জানিয়েছেন, হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ। ধারণা করা হচ্ছে, আরো শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প দুটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনিজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ছিল এবং এগুলো সমগ্র অঞ্চলজুড়ে অনুভূত হয়েছিল।
সূত্র : আল জাজিরা



