ভেনিজুয়েলায় আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে শনিবার (২৭ জুন) মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৪৩০ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ভূমিকম্পে তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন এবং তিন হাজার ১৪২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
ভেনিজুয়েলার ভূমিকম্প-বিধ্বস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রদ্রিগেজ বলেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ৩০ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সামরিক বাহিনীর সদস্য, পুলিশ কর্মকর্তা, ডাক্তার, প্যারামেডিক ও মনোবিজ্ঞানীরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করছেন।
এর আগে, গত বুধবার ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। অন্যদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
রদ্রিগেজ বলেন, দেশে জোড়া ভূমিকম্প আঘাত হানার পর থেকে ৪৩০টি আফটারশক হয়েছে।
তিনি জানান, দেশটি এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক প্রতিনিধি দলের কাছ থেকে সহায়তা পেয়েছে। প্রতিনিধি দলগুলোতে দুই হাজারেরও বেশি ত্রাণকর্মী রয়েছে।
রদ্রিগেজ বলেন, এই আন্তর্জাতিক সহায়তার মধ্যে রয়েছে ৯৬টি অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর, ৪০টি কার্গো, ৩২টি পরিবহন যানবাহন, ১০৩ দশমিক ৭ টন উদ্ধার সরঞ্জাম এবং ৩ টন চিকিৎসা সামগ্রী।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



