বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে আতশবাজি মজুত করার একটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিতা নেব্রাস্কা একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ১০ থেকে ১৫ জন নিহত এবং আরো ৬২ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, সামরিক ঘাঁটিতে আতশবাজি মজুত ছিল, তবে বিস্ফোরণের কারণ এখনো তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।
নেব্রাস্কা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো একটি তাপের উৎস রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। আরেকটি বিস্ফোরণের ঝুঁকির কারণে বাসিন্দাদের কমপক্ষে ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র : আল জাজিরা



