উত্তর-পূর্ব কলম্বিয়ার ভেনিজুয়েলার সীমান্তবর্তী এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কলম্বিয়ার এক আইনপ্রণেতাসহ ১৫ জন নিহত হয়েছেন।
কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিমানটিতে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
সাতেনা জানায়, দুপুরে ১৫ আরোহী নিয়ে ভেনিজুয়েলার সীমান্তবর্তী কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করা বিচক্রাফ্ট ১৯০০ মডেলের টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই রাডার যোগাযোগ হারিয়ে ফেলে।
এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোজাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জনসাধারণকে আশ্বস্ত করেন যে দুর্ঘটনার তদন্ত চলছে।
দুর্ঘটনার পরিস্থিতি ও এর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে নিহতদের মধ্যে দুজন ক্রু সদস্য ছাড়াও কলম্বিয়ান আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী কার্লোস সালসেডো ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনাস্থলটি কোকা পাতা উৎপাদনপ্রবণ একটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার ও তদন্ত কাজে বাড়তি জটিলতা তৈরি হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানের ফিউজলেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।
সূত্র : রয়টার্স ও আল-জাজিরা



