মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহল বহুদিনের। এবার সেই আগ্রহকে উসকে দিয়েছে মঙ্গল থেকে আসা একটি বিশাল উল্কাপিণ্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোথবিস আগামী ১৬ জুলাই নিউইয়র্কে এই পাথরখণ্ডটি নিলামে তুলছে বলে জানিয়েছে ইউএসএ টুডে।
‘এনডব্লিউএ ১৬৭৮৮’ নামের এই উল্কাপিণ্ডটির ওজন ২৫ কেজিরও বেশি এবং প্রস্থ প্রায় ১৫ ইঞ্চি। এটি পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলগ্রহ-উৎপত্তি উল্কাপিণ্ড। পৃথিবীতে যত মঙ্গল-উল্কাপিণ্ড পাওয়া গেছে, তার প্রায় ৬.৫ শতাংশই এর প্রতিনিধিত্ব করে। আকারে এটি অন্যান্য উল্কাপিণ্ডের তুলনায় ৭০ শতাংশ বড়।
বিশেষজ্ঞদের ধারণা, মঙ্গলের পৃষ্ঠে এক মহাজাগতিক সঙ্ঘর্ষের ফলে ছিটকে আসা এই পাথর ২০২৩ সালে সাহারা মরুভূমির নাইজারের আগাদেজ অঞ্চলে এসে পড়ে। এটি প্রায় ২২৫ মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে পৌঁছায়।
সোথবিস জানিয়েছে, নিলামে এর প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪৮-৪৯ কোটি টাকা। এখন পর্যন্ত স্বীকৃত প্রায় ৭৭ হাজার উল্কাপিণ্ডের মধ্যে মাত্র ০.৬ শতাংশ মঙ্গলের বলে চিহ্নিত হয়েছে। সংখ্যায় তা মাত্র ৪০০টি। তাই ‘এনডব্লিউএ ১৬৭৮৮’ শুধু আকারে নয়, বিরলতার দিক থেকেও উল্লেখযোগ্য।
বিজ্ঞান, মহাকাশ গবেষণা ও সংগ্রহশালার জন্য এটি এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। নিলামে এর চূড়ান্ত দাম কত হয়, তা নিয়েও রয়েছে তীব্র আগ্রহ।
সূত্র : ইউএসএ টুডে



