পুতিনের বিষয়ে হতাশ হলেও হাল ছাড়িনি : ট্রাম্প

ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়ার সাথে একটি চুক্তি হতে যাচ্ছে- অতীতে চার বার এরকমটা ভেবেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপারে হতাশ, তবে তার সাথে সম্পর্ক শেষ করেননি। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি রাশিয়ান নেতাকে বিশ্বাস করেন কি-না। এর উত্তরে তিনি বলেছেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’

বিবিসির সাথে একান্ত ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই তিনি ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন এবং আগামী ৫০ দিনের মাঝে যুদ্ধবিরতির চুক্তি না হলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।

হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বিবিসিকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি ন্যাটোর প্রতি সমর্থন প্রকাশ করেন। যদিও একসময় তিনি ন্যাটোকে ‘অচল’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এখন তিনি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতিকে সমর্থন করেন বলে জানিয়েছেন।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে হোয়াইট হাউজে সাক্ষাৎ শেষে তিনি বিবিসিকে সাক্ষাৎকারটি দেন এবং এই সাক্ষাৎকারের একটা লম্বা সময় ধরেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার হতাশার কথা বলেন।

ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধের ইতি টানার বিষয়ে রাশিয়ার সাথে একটি চুক্তি হতে যাচ্ছে- অতীতে চার বার এরকমটা ভেবেছেন তিনি। তিনি পুতিনের বিষয়ে হাল ছেড়ে দিয়েছেন কি-না এর উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি তার ওপর হতাশ, কিন্তু হাল ছাড়িনি।’

ট্রাম্পকে আরো জিজ্ঞেস করা হয়, তিনি কিভাবে পুতিনকে ‘রক্তপাত বন্ধ’ করতে বলবেন। এর উত্তরে তিনি বলেন, ‘আমরা এটি নিয়েই কাজ করছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘তার সাথে আমার বেশ ফলপ্রসূ একটি আলোচনা হবে। আমি বলবো, আমরা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি বলে মনে হচ্ছে এবং এর ঠিক পরপরই তিনি কিয়েভে একটি বিল্ডিং ধ্বংস করে দেবেন।’

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে, যার ফলে রেকর্ড সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়া ২০২২ সালে প্রতিবেশী এই দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেছিল।

পুতিন জোর দিয়ে বলেছেন, তিনিও শান্তি চান। কিন্তু তিনি এটাও বলেছেন, যুদ্ধের ‘মূল কারণগুলো’ প্রথমে সমাধান করা উচিত বলে। পুতিন যুক্তি দেন, এই যুদ্ধ কিয়েভ, ন্যাটো এবং ‘সম্মিলিত পশ্চিমা’ শক্তির তরফ থেকে রাশিয়ার নিরাপত্তার জন্য বাহ্যিক হুমকির ফলাফল।

ট্রাম্প এর আগে ন্যাটোকে ‘অচল’ বলে সমালোচনা করেছিলেন। এখনো তা মনে করেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমার মনে হয় ন্যাটো এখন এর বিপরীত হয়ে উঠছে। কারণ এই জোট তাদের নিজস্ব বিল পরিশোধ করছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এখনো সম্মিলিত প্রতিরক্ষায় বিশ্বাস করেন। এর মাধ্যমে ছোট দেশগুলো বৃহত্তর দেশগুলোর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।

সূত্র : বিবিসি