ভেনিজুয়েলার সংগীত প্রতিষ্ঠানকে ৫ কোটি ৭০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ভেনিজুয়েলার একটি খ্যাতনামা সংগীত প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার পতাকা
যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার পতাকা |ফাইল ছবি

ভেনিজুয়েলার একটি খ্যাতনামা সংগীত প্রতিষ্ঠানকে পাঁচ কোটি ৭০ লাখ ডলার অর্থায়নের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, দেশটির কংগ্রেসের মাধ্যমে এই অর্থ দেয়ার উদ্যোগ নেয়া হবে। এই অর্থের একটি অংশ দিয়ে ‘এল সিস্তেমা’ নামে পরিচিত ভেনিজুয়েলার বিখ্যাত ফুন্দাসিওন সিমন বলিভার মিউজিক ফাউন্ডেশন একটি শিক্ষক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচিতেও এই অর্থের মাধ্যমে সহায়তা করা হবে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এল সিস্তেমা ভেনিজুয়েলায় সংগীত ও শিল্পকলার শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগের অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত ও আরো কার্যকর করতে সহায়তা করতে পেরে মার্কিন পররাষ্ট্র দফতর গর্বিত।’ ট্রাম্প প্রশাসনের ভেনিজুয়েলার দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

দীর্ঘদিনের বৈরিতা ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর বর্তমানে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকারের সাথে কাজ করছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার পর রদ্রিগেজ ক্ষমতা গ্রহণ করেন।

ওয়াশিংটনের ব্যাপক চাপের মধ্যে রদ্রিগেজ সরকার ভেনিজুয়েলা পরিচালনা করছে। যুক্তরাষ্ট্র দেশটির সরকারকে অর্থনৈতিক সংস্কার এবং তেল খাত উন্মুক্ত করার জন্য চাপ দিয়ে আসছে।

সম্প্রতি ভেনিজুয়েলায় পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে পুরোপুরি ধসে পড়ে বেশ কয়েকটি আবাসিক এলাকা এবং হাজারো মানুষ নিহত হন। এরপর ভেনিজুয়েলাকে ৩০ কোটি ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র: বাসস