ব্রিটেনের রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সরকারি দায়িত্বে অসদাচরণের সন্দেহে গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছেড়ে দিয়েছে পুলিশ। জেফ্রি এপস্টিনের কাছে গোপনীয় সরকারি নথি পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৬৬ বছর বয়সী মাউন্টব্যাটেন উইন্ডসরকে থেমস ভ্যালি পুলিশের গোয়েন্দারা সারাদিন জিজ্ঞাসাবাদ করেছিলেন। এই মাসের শুরুতে পুলিশ বাহিনী বলেছিল যে, তারা বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় প্রয়াত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর কাছে নথিপত্র পৌঁছে দেয়ার অভিযোগ খতিয়ে দেখছে।
অ্যান্ড্রু আধুনিক ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে গ্রেফতার হওয়া সবচেয়ে উচ্চপদস্থ সদস্যদের একজন। তিনি বর্তমানে সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।
রাজা চার্লস এক বিবৃতিতে বলেছেন, ‘আমি গভীর উদ্বেগের সাথে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এবং তার বিরুদ্ধে সরকারি পদে অসদাচরণের সন্দেহের অভিযোগের খবর শুনেছি।’
মুক্তির পর রয়টার্সের তোলা একটি ছবিতে গাড়িতে বসা অবস্থায় অ্যান্ড্রুকে কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছিল।
থেমস ভ্যালি পুলিশ বলেছে যে, ‘গ্রেফতারকৃত ব্যক্তিকে’ ‘তদন্তের অধীনে ছেড়ে দেয়া হয়েছে’।
সূত্র: রয়টার্স



