ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ‘যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা দেয়া হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিত থাকবে।’
চলতি মাসের শুরুতে মার্কিন অলাভজনক সংস্থা হিল-এর সহায়তায় ইসরাইলি বাহিনীর অভিযানে গুরুতর আহত তিন ফিলিস্তিনি শিশু ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমের। তিনি মার্কিন পররাষ্ট্র দফতর ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্যাগ করে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমের এক্সে পোস্ট করা সেই বার্তায় বলেন, ‘কিভাবে ইসলামিক অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে দেয়া যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে?’ তিনি মিজৌরিতে আরো ফিলিস্তিনিদের আগমনের কথা উল্লেখ করে দাবি করেন, বেশ কয়েকজন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্য এ বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করে তাকে বার্তা পাঠিয়েছেন।
এর কয়েক ঘণ্টার মধ্যেই পররাষ্ট্র দফতর ঘোষণা করে, তারা গাজার ফিলিস্তিনের জন্য ভিসা প্রদান স্থগিত রাখছে। একইসাথে তারা সাম্প্রতিক দিনগুলোতে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক মার্কিন ভিসা প্রদানে ব্যবহৃত প্রক্রিয়া ও পদ্ধতির একটি পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি, আল জাজিরা



