আর্জেন্টিনা সফরে যাচ্ছেন আইএমএফ প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সোমবার (২৭ জুলাই) আর্জেন্টিনা সফরে যাচ্ছেন।

নয়া দিগন্ত অনলাইন
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা |সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সোমবার (২৭ জুলাই) আর্জেন্টিনা সফরে যাচ্ছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনা বর্তমানে আইএমএফের অন্যতম বড় ঋণগ্রহীতা দেশ।

ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি ২০২৩ সালে ক্ষমতায় আসা মিলেইয়ের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে বারবার সমর্থন জানিয়েছে। মিলেই সরকারি ব্যয় কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন।

আইএমএফের একটি সূত্র জানিয়েছে, জর্জিয়েভা আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক সান্তিয়াগো বাসিলি এবং ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন।

এছাড়া তিনি ভাকা মুয়ের্তা অঞ্চল পরিদর্শনের পরিকল্পনা করছেন। এটি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্র, যা দেশটির রফতানি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অঞ্চলটি রাজধানী বুয়েনোস আইরেস থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আইএমএফের মুখপাত্র জুলি কোজ্যাক বলেন, এই সফর ‘আর্জেন্টিনার কর্তৃপক্ষের সাথে চলমান কর্মসূচির অধীনে অর্জিত অগ্রগতি পর্যালোচনার জন্য উপযুক্ত সময়’।

মিলেই সরকারের জন্য এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন দেশটির অর্থনীতিতে কিছু ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের চিত্রই দেখা যাচ্ছে। গত তিন মাসে মূল্যস্ফীতির হার কমার প্রবণতা দেখা গেলেও, বছরভিত্তিক হিসাবে তা এখনো ৩৩ দশমিক ৫ শতাংশে রয়েছে।

অন্যদিকে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল এবং ২০২৬ সালের জন্য আইএমএফের পূর্বাভাস করা ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। চলতি বছর বছরভিত্তিক প্রবৃদ্ধি মাত্র ০ দশমিক ২ শতাংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০২৭ সালে তা বেড়ে ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

তবে বাস্তবে ভোক্তা ব্যয় দুর্বল রয়েছে এবং ঋণ পরিশোধে ব্যর্থতার ঘটনা বাড়ছে।

গত এক বছরে বন্ধকি ঋণ (মর্টগেজ) পরিশোধে খেলাপির হার তিন গুণ বেড়ে ১২ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, কিছু বামপন্থি রাজনৈতিক দল সোমবার বিক্ষোভের পরিকল্পনা করেছে। তারা জর্জিয়েভার সফরকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে তুলে ধরে প্রতিবাদ জানাতে চায়।

২০২৫ সালে আর্জেন্টিনা আইএমএফের সাথে চার বছরের জন্য ২০ বিলিয়ন ডলারের একটি বর্ধিত তহবিল সুবিধা চুক্তি করে। চলতি বছরের মে মাসে আইএমএফ ওই চুক্তির আওতায় এক বিলিয়ন ডলারের একটি কিস্তি ছাড়ের অনুমোদন দেয়।

আর্জেন্টিনা সফরের পর জর্জিয়েভা উরুগুয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ইয়ামান্দু ওরসির সাথে বৈঠক করবেন।

সূত্র: বাসস