ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে একটি নার্সিং হোম ধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে দমকলকর্মীরা অভিযান অব্যাহত রেখেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরের দিকে এ ঘটনা ঘটে। রিও ডি জেনেরিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে বৃদ্ধাশ্রম ছাড়াও কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিক ছিল। দুর্ঘটনার সময় সেখানে মোট ২৯ জন অবস্থান করছিলেন।
দমকল কর্মীরা উদ্ধারকারী কুকুরের সহায়তায় ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাঙা দেয়াল, লোহার বিম ও মাটির স্তূপ সরিয়ে তাদের খোঁজ চলছে।
এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া আরো নয়জন নিজে অথবা প্রতিবেশীদের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হন।
ভবন ধসের কারণ এখনও তদন্তাধীন। মিনাস জেরাইস দমকল বিভাগের মুখপাত্র হেনরিকি বারসেলোস ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের জানান, ভবনটির প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন ছিল।
—সূত্র বাসস



