৫ অবৈধ অভিবাসীকে ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা ট্রাম্প প্রশাসনের

বহিষ্কৃতরা ভিয়েতনাম, লাওস, ইয়েমেন, কিউবা ও জ্যামাইকার নাগরিক।

নয়া দিগন্ত অনলাইন
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার পাঁচজন ‘অপরাধী অবৈধ অভিবাসীকে’ তৃতীয় দেশের মাধ্যমে ছোট আফ্রিকান রাজ্য ইসওয়াতিনিতে প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই অপরাধী অবৈধ অভিবাসীরা এতটাই বর্বর যে তাদের নিজ দেশগুলো তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।’

বহিষ্কৃতরা ভিয়েতনাম, লাওস, ইয়েমেন, কিউবা ও জ্যামাইকার নাগরিক।

সুপ্রিম কোর্ট এই পদক্ষেপের অনুমোদন দেয়ার পর গত ৪ জুলাই যুক্তরাষ্ট্র আরো আটজন অভিবাসীকে সংঘাত-জর্জরিত দক্ষিণ সুদানে নির্বাসিত করে।

উল্লেখ্য, আফ্রিকার শেষ নিরঙ্কুশ রাজতন্ত্র ইসওয়াতিনি ১৯৮৬ সাল থেকে রাজা মসোয়াতি তৃতীয়ের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ৫৭ বছর বয়সী এই শাসক তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য সমালোচিত হয়েছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিক বেষ্টিত দেশটি আগে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।

সূত্র : বাসস