মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে। এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের সেনাপ্রধান ওয়াশিংটনকে দেশটির ওপর সামরিক হামলা চালানো থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘(ইরান) আমাদের সাথে কথা বলছে। দেখা যাক আমরা কিছু করতে পারি কি না, না পারলে পরে দেখা যাবে কী হয়, আমাদের একটি বড় নৌবহর সেখানে এগিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘তারা আলোচনা করছে।’
ট্রাম্প জানান, সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা নিরাপত্তাজনিত কারণে আঞ্চলিক মিত্রদের জানানো হচ্ছে না। সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর তিনি ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
তিনি বলেন, ‘আচ্ছা, আমরা তাদের পরিকল্পনা বলতে পারি না। যদি আমি তাদের পরিকল্পনা বলি, তবে সেটা আপনাকে বলার মতোই খারাপ হবে, বরং আরও খারাপও হতে পারে।’
এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি নৌ-আঘাতকারী বহর মোতায়েন করেছে।
সূত্র : বাসস



