যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ভয়াবহ গোলাগুলি, নিহত একাধিক

ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ একাধিক গুলিবিদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
উপর থেকে তোলা ঘটনাস্থলের দৃশ্য
উপর থেকে তোলা ঘটনাস্থলের দৃশ্য |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্যাসুয়েল কাউন্টির একটি বাড়িতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (এনবিএস) এবং স্টেট বিউরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করেছে।

এনবিএস বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সংস্থাগুলোর বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮টার ঠিক কিছু আগে (বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টা) প্রস্পেক্ট হিল এলাকার ব্রুকস রোডের একটি বাড়ি থেকে ফোন আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যাসুয়েল কাউন্টি শেরিফ কার্যালয় ও নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে টহল পুলিশ।

ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ একাধিক গুলিবিদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলাটি বাড়িটির ভেতরেই সীমাবদ্ধ ছিল। তাই সাধারণ মানুষের জন্য কোনো হুমকির নেই।

তবে নিহতদের পরিচয় ও হামলাকারীর বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। ক্যাসুয়েল কাউন্টি শেরিফ কার্যালয় বর্তমানে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

ঘটনার পর পর তদন্তে নেমেছে স্টেট বিউরো অব ইনভেস্টিগেশনের ক্রাইম সিন টিম। তারা আলামত সংগ্রহ করার পাশাপাশি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আসল কারণ অনুসন্ধানে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।