যুক্তরাষ্ট্রের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ৯০১ বিলিয়ন ডলারের রেকর্ড সামরিক ব্যয় অনুমোদন দিয়েছে। যা ট্রাম্পের অনুরোধের চেয়ে আট বিলিয়ন বেশি।
এই বিলে কতগুলো জাহাজ, বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হবে থেকে শুরু করে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি, ভূ-রাজনৈতিক হুমকি কিভাবে মোকাবেলা করা হবে তার সবকিছুই নির্ধারণ করা হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের অনুপস্থিতিতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ট্রাম্প নীরবে বিলটিতে সই করেন। বিলটি এই মাসে পাস হওয়ার আগে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ইতোমধ্যেই পাস হওয়া পৃথক পদক্ষেপগুলোকে একত্রিত করে তৈরি করা হয়।
ট্রাম্পের নীতি থেকে সরে এসে এনডিএএ ইউরোপে নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করেছে। এদিকে ট্রাম্প বরাবরই ইউরোপে নিরাপত্তা বাড়ানো নিয়ে বলেছেন, মিত্রদের নিজেদের ব্যয় বহন করা উচিত। সম্প্রতি প্রকাশিত তার জাতীয় নিরাপত্তা কৌশলকে রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ এবং ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনর্মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।
নতুন বিলে ‘ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভে’র অংশ হিসেবে ইউক্রেনের জন্য আগামী দু’বছরের জন্য ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। যা মার্কিন কোম্পানিকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহের অর্থ প্রদান করে।
প্রতিরক্ষা বিলে বাল্টিক নিরাপত্তা উদ্যোগকে অনুমোদন এবং লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার প্রতিরক্ষায় ১৭৫ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ রাখা হয়েছে। ইউরোপে মার্কিন সৈন্য সংখ্যা ৭৬ হাজারের নিচে সীমিত করা হয়েছে এবং ন্যাটো সুপ্রিম কমান্ডারের উপাধি ত্যাগে মার্কিন ইউরোপিয়ান কমান্ডারকে বাধা দেয়া হয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প এই বিলটিকে সমর্থন করেছেন কারণ এটি তার অনেক নির্বাহী আদেশকে আইনে রূপান্তর করেছে। এর মধ্যে রয়েছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়ন এবং পেন্টাগনে বৈচিত্র্য, ন্যায্যতা ওঅন্তর্ভুক্তি কর্মসূচি বাদ দেয়া।
সূত্র : রয়টার্স



