যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সিবিএস বৃহস্পতিবার (৬ আগস্ট) জানায়, স্থানীয় সময় বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এনবিসি নিউজ বৃহস্পতিবার(৬ আগস্ট) জানায়, প্রস্পেক্ট হিলের ব্রুকস রোডের একটি বাড়ি থেকে সহায়তার জন্য ফোন পেয়ে ক্যাসওয়েল কাউন্টির ডেপুটিরা সকাল ৮টার ঠিক কিছু আগে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) সেখানে যান।
ঘটনাস্থলে পৌঁছে তারা গুলিবিদ্ধ একাধিক মানুষকে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন সেই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ক্যাসওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন এক সংবাদ সম্মেলনে জানান, গোলাগুলির ঘটনার পেছনে যারা জড়িত তাদের সবাই প্রাপ্তবয়স্ক এবং একই পরিবারের সদস্য। তবে নিহত ও আহতদের কারও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শেরিফ আরও জানান, এর আগে এই পরিবার থেকে শেরিফের কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ বা যোগাযোগের প্রমাণ পাওয়া যায়নি।
এসবিআই তাদের ফেসবুক পোস্টে জানায়, খবর পাওয়ার পরপরই ক্যাসওয়েল কাউন্টি শেরিফ কার্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট হাইওয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির পেছনে মূল কারণ কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



