পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল না হওয়ায় হরমুজ প্রণালী নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ‘আলোচনায় অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারমাণবিক ইস্যুতে কোনো সমঝোতা হয়নি।’
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, ‘ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে মুক্তভাবে জাহাজ চলাচলের একটি চুক্তি হতে পারে, কিন্তু ইরানের বাধার কারণে তা হচ্ছে না।’
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী অবিলম্বে টোল দিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করা বা সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজ আটকে দেয়ার প্রক্রিয়া শুরু করবে।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে আন্তর্জাতিক নৌ-সীমায় সেই জাহাজগুলোকে আটকে দিতে, যেগুলো ইরানকে টোল দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরান যে মাইন বসিয়েছে, সেগুলো ধ্বংস করার কথাও জানান তিনি।’
ট্রাম্প হুঁশিয়ারি দেন, ‘যে ওই অবৈধ টোল দেবে সে নিরাপদে চলতে পারবে না। আর ইরান যদি মার্কিন বা অন্য কোনো জাহাজে হামলা চালায় তাহলে কঠোর জবাব দেয়া হবে।’
পরে তিনি বলেন, ‘খুব শিগগিরই এই অবরোধ শুরু হবে।’
সূত্র : বিবিসি



