মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরাইলি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি।
আলোচনার সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘ট্রাম্পের টিম ইসরাইলকে জানিয়ে দিয়েছে- যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব।’
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বন্ধ করার রাজনৈতিক সক্ষমতা থাকলেও ইচ্ছাশক্তির অভাব রয়েছে।
নেতানিয়াহু ট্রাম্পের চাপের মুখে আছেন বলেও জানা গেছে। তিনি মধ্যপ্রাচ্য সফরের সময় গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে চাপ দেয়ার জন্য ইসরাইলকে ভ্রমণসূচী থেকে বাদ দিয়েছিলেন।
নেতানিয়াহু এর আগে ‘ভয়াবহ দুর্ভিক্ষের ছবি আমাদের মিত্ররা সহ্য করতে পারছে না’ এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন।
সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এ সিদ্ধান্তকে ‘মাত্র একটি কৌশলগত বিষয়’ বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে।
ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সতর্কবার্তা এলো। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহুর সাথে সরাসরি যোগাযোগ ছিন্ন করেছেন ট্রাম্প। কারণ তিনি বিশ্বাস করেন, তার সুযোগ নেয়া হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরাইল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন।



