ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরেমি লিউইন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে একটি বিশেষ দুর্যোগ সহায়তা দল ও টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিউইন বলেন, ভেনিজুয়েলায় চলমান সঙ্কট মোকাবেলায় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, “এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কয়েক দিনে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী এবং প্রয়োজনীয় অন্যান্য সম্পদ পাঠাবে।”
মার্কিন প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনিজুয়েলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও অনেক এলাকা এখনও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, মানবিক সঙ্কট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের এই সহায়তা ভেনিজুয়েলায় চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে আরো গতিশীল করতে সহায়ক হবে।
সূত্র: আল জাজিরা



