যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতার আওতায় ৪ কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী তাপপ্রবাহে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। একইসাথে পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার কোটি মানুষ তাপপ্রবাহজনিত সতর্কতার আওতায় রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহ বাড়ছে
যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহ বাড়ছে |সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী তাপপ্রবাহে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। একইসাথে পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার কোটি মানুষ তাপপ্রবাহজনিত সতর্কতার আওতায় রয়েছেন। রোববার (৫ জুলাই) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা জানায়, নিউ জার্সিতে তাপজনিত কারণে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ইলিনয়ে একজন এবং মিসিসিপিতে দু’জনের মৃত্যু হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের কিছু অংশে বজ্রঝড়ের কারণে ক্ষতিকর বাতাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে পারে।

ডেলাওয়্যার থেকে কানেকটিকাট পর্যন্ত তিন কোটি ৪০ লাখ মানুষ এবং নিউইয়র্ক সিটি বন্যা সতর্কতার আওতায় রয়েছে।

এনডব্লিউএস জানিয়েছে, রোববার ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর, র‍্যালি, চার্লসটন ও জ্যাকসনভিলসহ বিভিন্ন শহরে অনুভূত তাপমাত্রা ১০০ থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে পূর্ব উপকূলের বেশিভাগ অংশে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনার কিছু অংশে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ফিনিক্স ও টুসন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে, সেখানে ৩৭৮ জনেরও বেশি মানুষ তাপজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি