ভেনিজুয়েলায় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় আঘাত হানা দু’টি ভূমিকম্পের পর দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীরা আবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রবেশাধিকার ফিরে পেয়েছেন।
বিবিসি নিউজ মুন্ডো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২০২৪ সালের আগস্টে একটি রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে দেশটিতে এই সোশাল সাইটটি সেন্সর বা সবার জন্য অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
সেন্সরশিপ এড়ানোর বিষয়ে অভিজ্ঞ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো জানিয়েছে, ইন্টারনেট এবং ফোন অপারেটর ক্যানটিভি (সিএএনটিভি), থান্ডারনেট, ডিজিটাল ও মুভিস্টার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
তবে ইন্টারনেট ব্যবহারকারীরা এক্সে প্রবেশ করতে পারছেন কি-না, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে, মানুষ যাতে তথ্য পেতে পারে সেজন্য জাতিসঙ্ঘের ভেনিজুয়েলা-বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্যসন্ধানী দল দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে ‘সামাজিক যোগাযোগমাধ্যম এবং সব গণমাধ্যমের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার’ আহ্বান জানিয়েছিল।
সূত্র: বিবিসি



