নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

নিউইয়র্কের ওই আট বিচারককে কী কারণে বরখাস্ত করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত প্রায় ৯০ জনকে বছরজুড়ে বরখাস্ত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কারণে দেশটির আদালত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই মঙ্গলবার (২ ডিসেম্বর) বিচার বিভাগ নিউইয়র্ক সিটির আট অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে। তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) জানিয়েছে, ওই আটজন বিচারক ম্যানহাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন। এখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন।

গত কয়েক মাস ধরেই মুখোশধারী ফেডারেল কর্মকর্তারা প্রায় প্রতিদিনই ‘জ্যাকব কে জাভিটজ ফেডারেল বিল্ডিং’-এর করিডরে টহল দিচ্ছেন। শুনানি থেকে বেরিয়ে আসার পর তারা অভিবাসীদের আটক করছিলেন। এমনকি বেশ কয়েকবার সংবাদমাধ্যমের সামনেই এমন ঘটনা ঘটেছে।

পুলিশের সাথে সংঘর্ষ ও অভিবাসী পরিবারগুলোকে আলাদা করে দেয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। যার ফলে ২৬ ফেডারেল প্লাজা দেশব্যাপী অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের দমন-পীড়নের প্রতীকী স্থান হয়ে উঠেছে।

নিউইয়র্কের ওই আট বিচারককে কী কারণে বরখাস্ত করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন-বিষয়ক ৬০০ জন বিচারক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ জনকে বছরজুড়ে বরখাস্ত করা হয়েছে। সবশেষ এই আটজন তালিকায় যুক্ত হলেন।

অভিবাসীদের পক্ষে কাজ করা গোষ্ঠীগুলো ধারণা করছে, বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এসব পদে এমন লোকদের নিয়োগ দেয়া হবে, যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির সাথে আরো বেশি সামঞ্জস্যপূর্ণ।

সূত্র : এএফপি