মিলেইয়ের অধীনে আর্জেন্টিনার অর্থনীতি ‘শক্তিশালী অবস্থানে’ : আইএমএফ প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ২০২৩ সালে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা |সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ২০২৩ সালে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার অর্থনৈতিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আর্জেন্টিনা সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মিলেইয়ের সাথে বৈঠক করেন আইএমএফ প্রধান। ওয়াশিংটনভিত্তিক এ সংস্থাটি মিলেই ক্ষমতায় আসার পর থেকেই তার অর্থনৈতিক সংস্কার কর্মসূচির প্রতি বারবার সমর্থন জানিয়ে আসছে।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে জর্জিয়েভা বলেন, ‘২০২৩ সালের তুলনায় এখন সব সূচক বিবেচনায় আমরা অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল একটি অর্থনৈতিক চিত্র দেখতে পাচ্ছি।’

মিলেই নির্বাচনী প্রচারে সরকারি ব্যয় ব্যাপকভাবে কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তার সরকারের কঠোর ব্যয় সংকোচনমূলক পদক্ষেপগুলো ব্যাপকভাবে অজনপ্রিয় হয়েছে এবং এর বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়েছে।

জর্জিয়েভা বলেন, আর্জেন্টিনার ‘অনেক শক্তিশালী অবস্থান’ তৈরি হয়েছে সরকারের কঠোর পরিশ্রমের ফল হিসেবে, পাশাপাশি এর পেছনে রয়েছে আর্জেন্টিনার জনগণের ত্যাগ রয়েছে।’

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী লুইস কাপুতো বলেন, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বৈঠক অত্যন্ত ভালো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তিনি (জর্জিয়েভা) পুরো বৈঠকজুড়ে অত্যন্ত উৎসাহের সাথে অভিনন্দন জানিয়েছেন।’

কাপুতো জানান, আইএমএফ প্রধান মিলেইয়ের মন্ত্রিসভার সদস্যদের সাথেও বৈঠক করেছেন।

দুই দিনের সফরে জর্জিয়েভা আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সান্তিয়াগো বাসিলি এবং ব্যবসায়ী ও শিক্ষাঙ্গনের বিশেষজ্ঞদের সাথেও বৈঠক করবেন।

মঙ্গলবার তিনি আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন এলাকা ভাকা মুয়ের্তা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এ অঞ্চলটি দেশটির রফতানি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: বাসস