যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে প্রতিনিধি পরিষদে বিল পাস

এটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ফেডারেল সরকারের অর্থায়ন বিল পাস করেছে। যার ফলে চূড়ান্ত বাধা দূর হয়েছে। এটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রিপাবলিকান-অধ্যুষিত প্রতিনিধি পরিষদের ২২২ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে ছয়জন ডেমোক্রেটও রয়েছেন। আর ২০৯ জন এর বিপক্ষে ভোট দিয়েছেন, যার মধ্যে দু’জন রিপাবলিকান রয়েছেন।

এর আগে, সোমবার রাতে ৬০-৪০ ভোটে স্থগিত থাকা সরকারি কার্যক্রম চালুর পক্ষে অর্থায়ন বিল অনুমোদন করে কংগ্রেসের উচ্চকক্ষ। এই পদক্ষেপের ফলে ছয় সপ্তাহ ধরে বেতনবঞ্চিত কয়েক লাখ ফেডারেল কর্মচারী আবারও বেতন পাবেন। শাটডাউনের ফলে জরুরি সরকারি পরিষেবা ছাড়া বাকি সব পরিষেবা বন্ধ হয়ে যায়।

গত সপ্তাহান্তে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দীর্ঘ আলোচনার পর শাটডাউনের অবসানের বিষয়ে সমঝোতা হয়েছিল। সে সময় সাতজন ডেমোক্র্যাট ও একজন স্বতন্ত্র সিনেটর নতুন এই অর্থায়ন প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং এটিই অচলাবস্থা শেষ করতে সহায়ক হয়েছিল।

তবে চুক্তিটি শাটডাউনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটির সমাধান করতে পারেনি। আর তা হলো, ২৪ মিলিয়ন মার্কিন নাগরিকের স্বাস্থ্যবীমা ভর্তুকি। এটি ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় ছিল এবং ট্রাম্প প্রশাসন তা বাতিলের পরিকল্পনা করেছিল।

গত কয়েক সপ্তাহ ধরে, ডেমোক্র্যাটরা বারবার কংগ্রেসে বিলটি পাসের পথে বাধা দিয়ে বলেছে, নিম্ন আয়ের মার্কিন নাগরকিদের জন্য ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা ব্যয় মোকাবেলায় সরকারকে বাধ্য করার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়।

সূত্র : আল জাজিরা