মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বৈশ্বিক শুল্ক ১৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে তিনি তার শুল্কনীতি অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এক দিন আগে মার্কিন সুপ্রিম কোর্ট তার শুল্ক কর্মসূচির বড় অংশকে অবৈধ ঘোষণা করে রায় দেয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শুক্রবার আদালতের ‘আমেরিকাবিরোধী সিদ্ধান্ত’ পর্যালোচনার পর প্রশাসন আইনগতভাবে অনুমোদিত ও পরীক্ষিত সর্বোচ্চ ১৫ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করেছে।
৬-৩ ভোটে দেয়া রায়ে সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের একটি অর্থনৈতিক জরুরি ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা খারিজ করে দেয়। রায়ের পরপরই ট্রাম্প ভিন্ন একটি আইনি পথ ব্যবহার করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন।
একই সাথে সংখ্যাগরিষ্ঠ মতের সাথে একমত হওয়া রক্ষণশীল বিচারপতিদের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ চালান ট্রাম্প। তাদের ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ‘বোকার দল’ ও ‘চাটুকার’ বলেও মন্তব্য করেন তিনি।
এই রায়কে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর উচ্চ আদালত বেশিভাগ ক্ষেত্রেই তার পক্ষে অবস্থান নিয়েছিল। ট্রাম্পের স্বাক্ষর অর্থনৈতিক নীতি হিসেবে পরিচিত এই শুল্ক কর্মসূচি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করেছে।
শনিবারের নতুন ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্যে আরো অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এক বছরে বিভিন্ন দেশের জন্য নির্ধারিত শুল্কহার একাধিকবার পরিবর্তন বা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
সূত্র : এএফপি



