মেক্সিকোতে পার্কে এলোপাতাড়ি গুলিতে নিহত ২, আহত ৮

অঙ্গরাজ্যটি আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখানে শক্তিশালী ‘জালিস্কো নিউ জেনারেশন’ এবং ‘সান্তা রোসা দে লিমা’ কার্টেলের মতো অপরাধী চক্রগুলো সক্রিয় রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ব্যস্ত পার্কে এলোপাতাড়ি গুলিতে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার মাঠে শিশুদের ওপর এ হামলার সময় এক ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

মেক্সিকোর সান ফ্রান্সিসকো দেল রিনকন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার রাতের খাবারের কিছুক্ষণ পর ছোট শহর সান ফ্রান্সিসকো দেল রিনকনের ওই পার্কে হামলা শুরু হয়। সে সময় পার্কটি শিশুদের উপস্থিতিতে মুখরিত ছিল।

গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের গভর্নর লিবিয়া ডেনিসে গার্সিয়া জানান, হামলায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রত্যক্ষদর্শী জানান, তিনি হঠাৎ ২০টির মতো গুলির শব্দ শুনে বাইরে ছুটে এসে দেখেন মায়েরা তাদের সন্তানদের জন্য চিৎকার করছেন। শিশুদের হুড়োহুড়ি ও কান্নায় পুরো এলাকায় এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়। কাছের একটি বাড়ির দেয়ালে এবং এক ভুক্তভোগীর শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

৮০ হাজার জনসংখ্যার এই শহর কর্তৃপক্ষ জানায়, আহত শিশুদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও পাঁচজন এখনো চিকিৎসাধীন রয়েছে। তবে তারা সবাই এখন আশঙ্কামুক্ত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই গ্যাং সদস্যরা জড়ো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। রাজ্য প্রসিকিউটর দফতর ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় সহিংসতার ঘটনা। গত জানুয়ারির শেষ দিকে সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে হামলায় ১১ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।

অঙ্গরাজ্যটি আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখানে শক্তিশালী ‘জালিস্কো নিউ জেনারেশন’ এবং ‘সান্তা রোসা দে লিমা’ কার্টেলের মতো অপরাধী চক্রগুলো সক্রিয় রয়েছে।