শিক্ষা বিভাগ ভেঙে দিতে ট্রাম্প প্রশাসকে অনুমতি মার্কিন সুপ্রিম কোর্টের

চলতি বছরের মে মাসে জেলা বিচারক মিয়ং জুন শিক্ষা বিভাগের বরখাস্ত করা শত শত কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
ওয়াশিংটনে মার্কিন শিক্ষা বিভাগের ভবন
ওয়াশিংটনে মার্কিন শিক্ষা বিভাগের ভবন |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার দেশটির শিক্ষা বিভাগ ভেঙে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুমতি দিয়েছে। একটি স্বাক্ষরবিহীন আদেশে শিক্ষা বিভাগে গণছাঁটাইয়ের ওপর একজন ফেডারেল জেলা বিচারকের জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট। তবে নয় সদস্যবিশিষ্ট আদালতের তিনজন উদারপন্থী বিচারপতি এই আদেশের বিরোধিতা করেছেন।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ক্ষমতা গ্রহণের পর মার্চ মাসে এর কর্মী সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে আনার পদক্ষেপ নেন।

ট্রাম্প শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে ‘নিজেকে চাকরি থেকে বরখাস্ত করার’ নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি অঙ্গরাজ্য শিক্ষক ইউনিয়নের সাথে আদালতে ট্রাম্পের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে যুক্তি দিয়েছে, রিপাবলিকান এই প্রেসিডেন্ট কংগ্রেসের বিশেষাধিকার হস্তক্ষেপ করে ক্ষমতা পৃথকীকরণের নীতি লঙ্ঘন করছেন।

চলতি বছরের মে মাসে জেলা বিচারক মিয়ং জুন শিক্ষা বিভাগের বরখাস্ত করা শত শত কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেন।

কয়েকদিন আগেই আরেকটি রায়ে অন্যান্য সরকারি দফতরে ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই করার পথ পরিষ্কার করে দেয়। এর ঠিক পরেই সুপ্রিম কোর্ট কোনো ব্যাখ্যা ছাড়াই বিচারকের আদেশ প্রত্যাহার করে নেয়।

বিচারপতি সোনিয়া সোটোমেয়র, বিচারপতি এলেনা কাগান এবং কেতানজি ব্রাউন জ্যাকসন ভিন্নমত পোষণ করে রায়ে বলেন, ‘কেবলমাত্র কংগ্রেসেরই বিভাগটি বাতিল করার ক্ষমতা রয়েছে।’

যুক্তরাষ্ট্রে শিক্ষার ক্ষেত্রে ফেডারেল সরকারের ভূমিকা সাধারণত সীমিত। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য মাত্র ১৩ শতাংশ তহবিল ফেডারেল কোষাগার থেকে আসে, বাকি অর্থ রাজ্য এবং স্থানীয় সম্প্রদায় থেকে আসে। কিন্তু নিম্ন-আয়ের স্কুল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ফেডারেল তহবিল অমূল্য। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার সুরক্ষা কার্যকর করার ক্ষেত্রেও ফেডারেল সরকার অপরিহার্য ভূমিকা পালন করেছে।

সূত্র : এএফপি