ইসরাইলের কাছে ৬.৪ বিলিয়ন ডলারের অস্ত্র ও সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কংগ্রেসের অনুমোদনও চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই প্যাকেজের মধ্যে রয়েছে আক্রমণাত্মক হেলিকপ্টার ও ট্রুপ ক্যারিয়ার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের সূত্রে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে তাদের অভিযান সম্প্রসারণ করেছে। তাদের দাবি, তারা হামাসের অবকাঠামোতে বোমা হামলা চালিয়েছে। ইসরাইলের আগ্রাসনে বিধ্বস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা জানিয়েছেন, তাদের পালানোর কোনো জায়গা নেই।
ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির খবরটি এমন সময়ে এলো, যখন বিশ্বনেতারা আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বার্ষিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদও গাজা নিয়ে একটি উচ্চস্তরের বৈঠক আয়োজন করতে যাচ্ছে।
পরিকল্পিত প্যাকেজের মধ্যে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর জন্য ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার জন্য ৩.৮ বিলিয়ন ডলার এবং তিন হাজার ২৫০টি সাঁজোয়া যান কেনার জন্য ১.৯ বিলিয়ন ডলারের একটি চুক্তি।
এক সূত্র জানিয়েছে, বাকি ৭৫ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।
অন্যদিকে, বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের একটি দল ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি স্বীকৃতির আহ্বান জানাতে প্রথমবারের মতো একটি প্রস্তাব উত্থাপন করেছে। এছাড়াও সম্প্রতি সিনেটের অর্ধেকেরও বেশি ডেমোক্র্যাট অতিরিক্ত অস্ত্র বিক্রির বিরুদ্ধে ভোট দিয়েছেন।



