যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি ক্যাথলিক স্কুলে এক বন্দুকধারী হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৭ জন।

নয়া দিগন্ত অনলাইন
মিনেপোলিসে অ্যানানসিয়েশন চার্চ ও ক্যাথলিক স্কুলে পুলিশের অবস্থান
মিনেপোলিসে অ্যানানসিয়েশন চার্চ ও ক্যাথলিক স্কুলে পুলিশের অবস্থান |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরের একটি ক্যাথলিক স্কুলে এক বন্দুকধারী হামলা চালিয়েছেন। এতে আট ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে ওই বন্দুকধারী নিজের গুলিতে আত্মঘাতী হন।

মিনেপোলিসের পুলিশ প্রধান বলেছেন, বুধবার (২৭ আগস্ট) সকালের হামলায় আহতদের মধ্যে ১৪ জনই শিশু। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কর্তৃপক্ষ এখনো এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেনি। তবে তারা জানিয়েছে, বন্দুকধারীর কাছে একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল ছিল। এফবিআই জানিয়েছে, তারা এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, রবিন ওয়েস্টম্যান নামে হামলাকারীর বয়স ২০ বছর। তার তেমন কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। হামলার সময় কয়েক ডজন রাউন্ড গুলি চালানো হয়, এই সময় কালো পোশাক পরা বন্দুকধারী গির্জার বাইরে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। ওয়েস্টম্যানের বাষা থেকেও অতিরিক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

কে-১২ স্কুল শুটিং ডেটাবেস অনুসারে, যুক্তরাষ্ট্রে জানুয়ারি থেকে এই ধরনের হামলা হয়েছে ১৪৬টি। যদিও স্কুলে গুলি চালানো যুক্তরাষ্ট্রের একটি ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে, তবুও বন্দুকের মালিকানার ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রচেষ্টা রক্ষণশীল গোষ্ঠী ও রাজনীতিবিদদের বিরোধিতার মুখোমুখি হয়েছে।

সূত্র : আল জাজিরা