যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মী বা কেন্দ্রীয় সরকারের কর্মীদের দুই দিনের মধ্যেই ব্যাপকভাবে ছাঁটাই করা শুরু হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। অন্যদিকে, আইনপ্রণেতারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি এই শাটডাউন বা অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রিপাবলিকান ও ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগে নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় গতকাল বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আপস করতে ইচ্ছুক এমন লক্ষণ কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না।
একইসাথে এই অচলাবস্থা শুরুর কয়েক ঘণ্টা পরই, তা বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে। তখন থেকেই সিনেট মুলতুবি রয়েছে, যা এই অচলাবস্থাকে দীর্ঘায়িত করতে পারে। ফলে লাখ লাখ কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়ছে।
বুধবার বিকেলে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিত হওয়া ছিল বিরল ঘটনা। এই অচলাবস্থা নিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ করেছেন ভ্যান্স।
তিনি ডেমোক্রেটদের উদ্দেশে বলেন, ‘যদি মার্কিন নাগরিকের ওপর এর প্রভাব নিয়ে এতোই উদ্বিগ্ন হয়, তাহলে তাদের চিন্তিত হওয়াই উচিত। তাদের যেটা করা উচিত তা হলো সরকারের কর্মকাণ্ড আবার চালু করা। আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই সেটা নিয়ে অভিযোগ করা উচিত নয়।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়। যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।
১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়। এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।
এরই মধ্যে লেভিট জানান, শাটডাউনের কারণে দুই দিনের মধ্যেই ব্যাপকহারে চাকরি থেকে ছাঁটাই করা শুরু হবে। তিনি বলেন, ‘মাঝে মাঝে আপনাকে এমন কিছু করতে হয় যা আপনি চান না। ডেমোক্রেটরা আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেলেছে।’
সিনেটের শীর্ষ ডেমোক্রেট সদস্য চাক শুমার এর আগেই, রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্রেটদের অর্থায়ন পরিকল্পনা মেনে নিতে হয়রানি করার অভিযোগ করেছিলেন। ব্যয় চুক্তিতে একমত হওয়ার আগে স্বাস্থ্যসেবা খাতে অর্থায়নের গ্যারান্টি সম্পর্কে নিশ্চিত হতে চান ডেমোক্রেটরা।
অন্যদিকে সরকার চালু রাখতে একটি অস্থায়ী স্টপ গ্যাপ বা বিরতি ব্যবস্থা চায় রিপাবলিকানরা, যেটি মধ্য নভেম্বর পর্যন্ত চলবে এবং বর্তমান হারে তহবিল দেবে। এর মানে, বাজেট নিয়ে সমঝোতার আগ পর্যন্ত সরকারের ব্যয় যাতে চালু থাকে তার একটা ব্যবস্থা।
শাটডাউনের ফলে স্বল্প সময়ের জন্য সীমান্তের অ্যাজেন্ট ও সেনাবাহিনীসহ অপরিহার্য কর্মীদের বেতন ছাড়াই কাজ করতে হবে। কিন্তু অপরিহার্য নয় এমন সরকারি কর্মীদের বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছে।
বিশ্লেষকরা ধারণা করছেন, এই শাটডাউন বা অচলাবস্থা ২০১৮ সালের তুলনায় অনেক বড় হবে যখন কংগ্রেস কিছু তহবিল পাস করেছিল। তারা অনুমান করছেন, প্রায় ৪০ শতাংশ ফেডারেল কর্মী বা প্রায় সাড়ে সাত লাখ মানুষকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হবে।
ইতোমধ্যেই কিছু কর্মীকে বুধবার ছুটিতে পাঠানো হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীদের স্থায়ী ছাঁটাইয়েরও হুমকি দিয়েছে।
ভ্যান্স দাবি করেন, অনিবন্ধিত অভিবাসীদের হেলথকেয়ার বেনিফিট বাড়ানোর জন্য সিনিয়র ডেমোক্রেটদের অ্যাডভোকেসি করার ফলেই এই শাটডাউন হয়েছে। যদিও ডেমোক্রেটরা বারবার এই দাবি অস্বীকার করে আসছে।
শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী অর্থায়নের বিলের ওপর আরেকবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : বিবিসি



