মেক্সিকান শীর্ষ মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত

মেক্সিকোর সেনাবাহিনীর অভিযানে জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও ওসেগুয়া বা ‘এল মেনচো’ নিহত হয়েছেন; অভিযানের জেরে অন্তত ছয় কার্টেল সদস্যও নিহত এবং সহিংসতার কারণে আটটি অঙ্গরাজ্যে ক্লাস ও জনসমাগম স্থগিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মেক্সিকোয় এক অভিযানে প্রভাবশালী মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা ওরফে এল মেনচো নিহত হয়েছেন। সেনাবাহিনী রোববার জানিয়েছে, এ ঘটনায় দেশজুড়ে সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে।

৫৯ বছর বয়সী ওসেগুয়েরা জালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর নেতা ছিল। জালিস্কো অঙ্গরাজ্যের টাপালপা শহরে সেনাদের সাথে বন্দুকযুদ্ধে তিনি আহত হয়। পরে মেক্সিকো সিটিতে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। তার মাথার দাম ছিল ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

অভিযানের জেরে পশ্চিম জালিস্কো অঙ্গরাজ্যে ২০টির বেশি সড়ক অবরোধ করে সশস্ত্র হামলাকারীরা। গাড়ি ও ট্রাকে আগুন দেয়া হয়। সহিংসতা ছড়িয়ে পড়লে অন্তত আটটি অঙ্গরাজ্যে সরাসরি ক্লাস স্থগিত করা হয়।

প্রয়োজনে আদালত বন্ধ রাখতে বিচারকদের অনুমতি দেয় বিচার বিভাগ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানান।

সনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা জোয়াকিন এল চ্যাপো গুজম্যান এ ও ইসমাইল জাম্বাদাকে গ্রেফতারের পর থেকে ওসেগুয়েরা ওরফে ‘এল মেনচো’ ছিল সবচেয়ে বড় মেক্সিকান মাদক সম্রাটদের একজন। এল চ্যাপো গুজম্যান ও ইসমাইল জাম্বাদা উভয়ই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কারা ভোগ করছে।

রোববারের বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর সামরিক গোয়েন্দা তথ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের ‘সম্পূরক তথ্য’ নিয়ে অভিযান চালানো হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ওয়াশিংটন গোয়েন্দা সহায়তা দিয়েছে।

সেনাবাহিনী জানায়, ওসেগুয়েরা ছাড়াও সন্দেহভাজন ছয় কার্টেল সদস্য নিহত হয়েছেন। তিন সেনা সদস্য আহত হন। দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন অস্ত্র, যার মধ্যে বিমান ভূপাতিত ও সাঁজোয়া যান ধ্বংসে সক্ষম রকেট লঞ্চারও রয়েছে।

প্রতিশোধমূলক হামলায় সড়ক অবরোধের পর, এ গ্রীষ্মে চারটি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের সূচি থাকা জালিস্কো অঙ্গরাজ্যে বড় জনসমাগমের সব অনুষ্ঠান বাতিল করা হয়।

সূত্র : বাসস