পেরুর মধ্যাঞ্চলে ইপারিয়া নদী বন্দরে নোঙর করা দুটি নৌকা ভূমিধসের কারণে ডুবে যাওয়ায় তিন শিশুসহ কমপক্ষে ১২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। সোমবারের (১ ডিসেম্বর) ঘটনায় এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা আন্দিনা জানিয়েছে, উকায়ালির আমাজন অঞ্চলে ইপারিয়া বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে যায়। তবে, নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি।
নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া টেলিফোনে এএফপিকে বলেন, ‘নয়টি লাশ উদ্ধার করা হয়েছে। ২৫ জন আহত হয়েছে এবং প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে।’
কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে জড়ো হওয়া পরিবারগুলোর কাছ থেকে ঠিক কতজন নিখোঁজ হয়েছে তা জানার এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছে।
ইউটিভি নোটিসিয়াস চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাগুলোর লাগেজ ও মালামাল নদীতে ভেসে যাচ্ছে এবং হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াচ্ছে।
সূত্র : বাসস



