ইউক্রেনে নিরাপত্তা ব্যয়ের ‘সিংহভাগ’ ইউরোপের বহন করা উচিত : যুক্তরাষ্ট্র

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বলেন, ‘তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু আমরা প্রতিশ্রুতি দেব না যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে যুদ্ধ বন্ধ করার জন্য কী প্রয়োজন।’

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের  ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স |সংগৃহীত

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য আর্থিক ব্যয়ের সিংহভাগ ইউরোপকেই বহন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (২০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিয়েভের যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার ভার যুক্তরাষ্ট্রের বহন করা উচিত নয়।

ভ্যান্স ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামের সাথে সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে আমাদের সাহায্য করা উচিত। তবে আমি মনে করি আমাদের আশা করা উচিত, এবং প্রেসিডেন্ট অবশ্যই আশা করেন, ইউরোপ এখানে অগ্রণী ভূমিকা পালন করবে।’

মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বলেন, ‘তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু আমরা প্রতিশ্রুতি দেব না যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে যুদ্ধ বন্ধ করার জন্য কী প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দেয়ার একদিন পর ভ্যান্স এই মন্তব্য করলেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটন ‘আকাশপথে’ সহায়তা দিতে পারে।

ইউক্রেনে সাড়ে তিন বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের প্রচেষ্টার ক্ষেত্রে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সোমবার হোয়াইট হাউসে যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও শীর্ষ ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর, ট্রাম্প বলেছিলেন, ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষায় ভূমিকা পালন করতে হবে। তবে ওয়াশিংটনও এক্ষেত্রে যথাযথ সহায়তা প্রদান করবে।

ট্রাম্প ইউক্রেনের ন্যাটো সদস্যপদ বাতিল করে দিলেও, তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও ন্যাটো মহাসচিব মার্ক রুট ৩২ সদস্যের জোটের সম্মিলিত প্রতিরক্ষা আদেশের অনুরূপ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার সম্ভাবনা উত্থাপন করেন।

সূত্র : আল জাজিরা