যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষে, পণ্যের দাম কমার দাবি ট্রাম্পের

ট্রাম্প বলেছেন, তিনি মুদ্রাস্ফীতিকে ‘স্বাভাবিক’ স্তরে ফিরিয়ে এনেছেন এবং তা আরো কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাম কমানোর ক্ষেত্রে তার কৃতিত্ব নিচ্ছেন। ট্রাম্প বলেছেন, তিনি মুদ্রাস্ফীতিকে ‘স্বাভাবিক’ স্তরে ফিরিয়ে এনেছেন এবং তা আরো কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

সোমবার (১৭ নভেম্বর) ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি মালিক ও সরবরাহকারীদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমাদের এটি নিম্নস্তরে নেমে এসেছে। তবে আমরা এটিকে আরো কিছুটা কমিয়ে আনব। আমরা নিখুঁত ব্যবস্থা চাই।’

তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করে বলেন, ডেমোক্র্যাটরা অর্থনীতির অব্যবস্থাপনা করেছে। মার্কিন নাগরিকরা ‘খুব ভাগ্যবান’ যে তিনি ২০২৪ সালের নির্বাচনে জিতেছেন।

ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয়ের ওপর জোর দিয়েছিলেন। তিনি জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের মধ্যেও তার সুরক্ষাবাদী অর্থনৈতিক বার্তা দিয়ে মার্কিন নাগরিকদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চলতি মাসে প্রকাশিত এনবিসি নিউজের এক জরিপে ৬৬ শতাংশ উত্তরদাতা বলেন, ট্রাম্প তাদের ক্রয়ক্ষমতার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সেখানে ৬৩ শতাংশ উত্তরদাতা অর্থনীতির ক্ষেত্রেও একই উত্তর দিয়েছেন।

দামের ওপর তার শুল্কের প্রভাবকে বারবার হালকা করে দেখানো সত্ত্বেও, ট্রাম্প শুক্রবার গরুর মাংস, কলা, কফি ও কমলার রসসহ ২০০টি খাদ্যপণ্যের ওপর শুল্ক কমানোর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

সূত্র : আল জাজিরা