দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সাথে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার (৮ নভেম্বর) এক যৌথ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
বলিভিয়ার নতুন মধ্যডানপন্থী প্রেসিডেন্ট পাজ বলেন, ‘আমরা এই সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছি।’
এদিকে ক্রিস্টোফার ল্যান্ডাউ জানান, সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায় থেকে পুনরায় শুরু হবে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ইভো মোরালেস। তার শাসনামলে বলিভিয়া বামপন্থার দিকে ঝুঁকে পড়ে। তিনি জ্বালানি সম্পদকে জাতীয়করণ করেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং চীন, রাশিয়া ও কিউবা, ভেনিজুয়েলাসহ অন্যান্য লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলোর সাথে জোট বাঁধেন।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর পাজের প্রথম আনুষ্ঠানিক কাজগুলোর মধ্যে একটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে ১৭ বছরের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা। মোরালেস ক্ষমতায় থাকাকালে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ডানপন্থী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেছিলেন।
সূত্র : বাসস



