মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, যৌন অপরাধী জেফরি এপস্টেইন ইস্যুতে তিনি কখনোই কাউকে বিপদে ফেলেননি এবং তার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কিছুই জানা ছিল না।
বুধবার (১০ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির একটি রুদ্ধদ্বার শুনানিতে আইনপ্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। শুনানিতে এপস্টেইনের সাথে তার সম্পর্ক ও যোগাযোগ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিল গেটস তার লিখিত বিবৃতিতে বলেন, ‘আমি কখনোই এমন কোনো প্রমাণ পাইনি বা এমন কোনো ইঙ্গিতও দেখিনি যে এপস্টেইন চলমান কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।’
তিনি আরো বলেন, ‘আমি কখনো তার দ্বীপ, তার রাঞ্চ বা তার ফ্লোরিডার বাসভবনে যাইনি। আমি কখনোই কাউকে ভুক্তভোগী করিনি।’
এই লিখিত বক্তব্য পরে তার ব্যক্তিগত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মার্কিন কংগ্রেসের এ শুনানিটি ছিল এপস্টেইনের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক নিয়ে চলমান তদন্তের অংশ, যা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিল গেটস দীর্ঘদিন ধরেই এপস্টেইনের সাথে তার অতীত সাক্ষাৎ নিয়ে প্রশ্নের মুখে রয়েছেন। যদিও তিনি অতীতে স্বীকার করেছেন যে, কিছু সামাজিক ও দাতব্য সংক্রান্ত আলোচনায় এপস্টেইনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তবে তিনি সবসময়ই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জ্ঞান থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।
আইনপ্রণেতারা এই শুনানিতে এপস্টেইনের নেটওয়ার্ক, অর্থনৈতিক সম্পর্ক ও সম্ভাব্য প্রভাবশালী যোগাযোগগুলো খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
এপস্টেইন ২০১৯ সালে যৌন অপরাধ ও মানব পাচারের অভিযোগে গ্রেফতারের পর কারাগারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়ে এখনো যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক ও তদন্ত চলমান রয়েছে।
বিল গেটসের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রে এপস্টেইন-সম্পর্কিত নথি ও সাক্ষ্য প্রকাশের দাবি আরো জোরালো হচ্ছে।
সূত্র: বাসস



