মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৫ অক্টোবর) গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার জন্য মিসরে অবস্থানরত হামাস ও ইসরাইলি আলোচকদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি বলেছেন, হামাসের সাথে ‘খুব ইতিবাচক আলোচনা’ হয়েছে।
তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রূথ সোশ্যালে দেয়া এক বার্তায় বলেছেন, ‘পণবন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধ অবসানে এই সপ্তাহান্তে হামাস ও বিশ্বের বিভিন্ন দেশের (আরব, মুসলিম ও অন্যান্য) সাথে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশেষে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে।’
ট্রাম্প আরো বলেন, ‘আলোচনা খুবই দ্রুত ও সফলভাবে এগিয়ে চলেছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কৌশলগত দলগুলো সোমবার মিসরে আবার একত্রিত হবে।’
তিনি আরো বলেন, ‘আমাকে বলা হয়েছে, প্রথম ধাপ এই সপ্তাহে সম্পন্ন হবে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান করছি।’
সূত্র : এএফপি



