ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে ‘ন্যক্কারজনক’ বলে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার (৩১ জুলাই) রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার হামলায় কিয়েভে কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প এ মন্তব্য করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি রাশিয়া যা করছে, তা ন্যক্কারজনক। এটি ঘৃণ্য।’
মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে পরবর্তীতে রাশিয়া সফরে পাঠাবেন। উইটকফ বর্তমানে ইসরাইলে সফরে আছেন।
ক্রেমলিনের সাথে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের প্রচেষ্টা থমকে যাওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই মস্কোতে একাধিকবার উইটকফের সাথে বৈঠক করেছেন।
কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটন মস্কোকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার এই সময়সীমা পুনর্ব্যক্ত করেন। তিনি পুতিনের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি।’
মার্কিন প্রেসিডেন্ট এর আগে হুমকি দিয়েছিলেন, নতুন পদক্ষেপের ফলে রাশিয়ার অবশিষ্ট বাণিজ্য অংশীদার চীন ও ভারতকে লক্ষ্য করে ‘দ্বিতীয় শুল্ক’ আরোপ করা হতে পারে। এটি রাশিয়াকে আরো দমিয়ে রাখবে। তবে এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করবে।
সূত্র : বাসস



