মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (৩০ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্তে জারি করা স্থগিতাবস্থা ‘দীর্ঘ সময়’ বজায় রাখার ইচ্ছা আছে তার প্রশাসনের।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ২৬ নভেম্বর ওয়াশিংটনে ঘটে যাওয়া গুলির ঘটনার পর ট্রাম্প প্রশাসন এ নির্দেশনা জারি করেছে। ওই ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং আরেকজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতরভাবে আহত হন।
কতদিন এই ব্যবস্থা চালু থাকবে এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘কোনো সময়সীমা’ নেই। তিনি আরো জানান, এই পদক্ষেপটি ১৯টি দেশের একটি তালিকার সাথে সম্পর্কিত।
ওই ১৯টি দেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে।
ট্রাম্প আনো বলেন, ‘আমরা এই লোকদের চাই না’। আপনি জানেন কেন আমরা তাদের চাই না? কারণ অনেকেই ভালো ছিল না, এবং আমাদের দেশে থাকা তাদের উচিত নয়।’
এদিকে গুলির ঘটনায় ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
লাকানওয়াল আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াই করা সিআইএ-সমর্থিত বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
গুলিবর্ষণের পর ট্রাম্প বলেন, তিনি ‘মার্কিন ব্যবস্থা সম্পূর্ণরূপে পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন।
সূত্র : বাসস



