কাতারে হামলা ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ করে না : ট্রাম্প

ইসরাইলের হামলায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছেন। তবে হামাস জানিয়েছে, তাদের নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলা ‘ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ করে না’। তিনি আরো বলেছেন, ঘটনাস্থল বেছে নেয়া নিয়েও তার ‘খুব খারাপ লেগেছে’।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন, ইসরাইল দোহায় হামলা চালাচ্ছে। কিন্তু তখন ‘দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গেছে, হামলা থামানো সম্ভব হয়নি’।

তিনি কাতারকে যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি (ইসরাইলের) প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত ছিল, আমার নেয়া সিদ্ধান্ত ছিল না।’

হামাস জানিয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও রয়েছেন। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তাদের নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে একটি হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই অভিযানে ১৫টি ইসরাইলি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০টি বোমা একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামলার অনুমোদন তিনি নিজে দিয়েছেন এবং হামাস নেতাদের জন্য ‘কোনো রকম ছাড় থাকবে না।’

মঙ্গলবার ট্রাম্প তার বিবৃতিতে এক বিরল অবস্থান নিয়ে নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন। তিনি লেখেন, ‘একটি সার্বভৌম দেশ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতার শান্তি প্রতিষ্ঠায় আমাদের সাথে ঝুঁকি নিয়ে কাজ করছে, সেখানে একতরফা বোমাবর্ষণ ইসরাইল বা যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না।’

পরে তিনি সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা ঘটায় তিনি ‘খুবই অসন্তুষ্ট’। ট্রাম্প বলেন, ‘আমি পুরো ব্যাপারটায় মোটেও খুশি নই।’

সূত্র : বিবিসি