ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে এবং ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ছয় হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৮৬ হাজার ১১৭টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। এই ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮৯টি কাঠামো ধসে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় তিন হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। কারাকাসে ত্রাণ কার্যক্রমের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ৩০ হাজার কর্মী ।
মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, এখন পর্যন্ত ৮৯০টি আফটারশক হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দু‘টি ভূমিকম্প আঘাত হানে।
৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়ারাচুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। অন্যদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



