যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার এ ঘোষণা দেন তিনি।
স্বামীর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে আগামী জুনের শেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্যাবার্ড।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ সৃষ্টি করা হয়। মার্কিন কংগ্রেসের অনুমোদনে গঠিত এ পদটি দেশটির জাতীয় নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত।
গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এ পদে মনোনয়ন দেন।
প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, “দুঃখজনকভাবে, আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে। এটি ২০২৬ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।”
চিঠিতে তিনি আরো লেখেন, “আমার স্বামী আব্রাহামের সম্প্রতি বিরল ধরনের বোন ক্যানসার শনাক্ত হয়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এ সময়ে তার পাশে থাকা এবং পূর্ণ সমর্থন দেয়ার জন্য আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।”
তবে গ্যাবার্ডের এ ব্যাখ্যার পাশাপাশি হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
এর আগে ইরান ইস্যুতে ট্রাম্প ও গ্যাবার্ডের মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত পাওয়া যায়। গত মার্চে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলার বিষয়ে তার তুলনায় গ্যাবার্ড “নমনীয়” অবস্থানে ছিলেন।
সূত্র : রয়টার্স



