বলিভিয়ার পশ্চিমাঞ্চলে বাস উল্টে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে।
রাজধানী লা পাজ থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণে ছোট শহর চালাকোলো এলাকায় ভোরের দিকে ওরুরো শহরের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান কর্নেল ন্যান্ডি তোররিকো রাষ্ট্রীয় টেলিভিশন বলিভিয়া টিভিকে বলেন, ‘আমাদের কাছে নয়জনের মৃত্যুর তথ্য আছে। আহত ২২ জনকে শহরের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।’
এই ঘটনায় নিহতদের মধ্যে একটি নবজাতকও রয়েছে। চিকিৎসা কেন্দ্রে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে অতিরিক্ত গতি ও চালকের সতর্কতার ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় ২৪ বছর বয়সী চালকও আহত হয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, বলিভিয়ায় প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কমপক্ষে এক হাজার ৪০০ মানুষ মারা যান।
অধিকাংশ ক্ষেত্রেই চালকের অবহেলা ও যান্ত্রিক ত্রুটি এ দুর্ঘটনাগুলোর জন্য দায়ী।
সূত্র: বাসস



