যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গুলি লাগা ওই দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের তত্ত্বাবধানকারী জয়েন্ট টাস্ক ফোর্স ডিসির এক বিবৃতিতে বলা হয়, বুধবার ফারাগুট স্কয়ার মেট্রো স্টেশনের কাছে স্থানীয় সময় দুপুর ১টা ১৫ টার দিকে হামলার ঘটনাটি ঘটে।
এদিকে পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে পশ্চিম ভার্জিনিয়া থেকে আসা দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর একজন সন্দেহভাজন গুলি চালায়। এ সময় কাছাকাছি থাকা ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা তাকে আটক করে।
সে সময় ফ্লোরিডায় অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, অভিযুক্ত বন্দুকধারী একজন আফগান নাগরিক। তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
তিনি আরো বলেন, তার প্রশাসন নিশ্চিত করবে যে সন্দেহভাজন ব্যক্তিকে ‘এই ঘৃণ্য কাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জন্য সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এছাড়া যেসব আফগান নাগরিক জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রে এসেছে তাদের পুনঃপরীক্ষা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক সূত্র এর আগে বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে জানায়, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল। ২৯ বছর বয়সী এ ব্যক্তি আফগানিস্তানের নাগরিক।
সূত্র : বিবিসি



