আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে বুধবার (২৯ জুলাই) একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।
বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি ইশুগুয়ালাস্তো প্রাকৃতিক পার্কে বিধ্বস্ত হওয়ার আগে পাশের একটি প্রদেশে আগুন নেভাতে যাওয়ার প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছিল। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটি ঘাঁটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।
সপ্তাহের শুরু থেকেই অস্ট্রিয়ার আয়তনের প্রায় সমান আধা-শুষ্ক অঞ্চল লা রিওহায় পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় বেশ কিছুদিন ধরে আগুন জ্বলছে।
সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোকের সাথে আমরা আমাদের প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি।’
তিনি জানান, এই দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত সাতজন প্রাণ হারিয়েছেন।
সান হুয়ানের গভর্নর আরো বলেন, এই ঘটনায় মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক সুরক্ষা কর্মীরা রয়েছেন।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রা মনতেলিভা এক্সে তার সমবেদনা প্রকাশ করেছেন।
এই দুর্ঘটনার পর সান হুয়ান স্থানীয় সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছেন, মাত্র তিন দিনে শত শত হেক্টর জমি ভস্মীভূত হয়েছে।
সূত্র: বাসস



