যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসৌরিতে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়েছে |সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসৌরিতে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) বিশেষায়িত পুলিশ বাহিনী মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা ১২ জন আরোহীর সবাই নিহত হন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০, যা স্কাইডাইভিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল। বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন।

গ্রিনিচ মান সময় ৪টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। সংস্থাটি উল্লেখ করেছে যে, ঘটনার সময় তারা ফ্লাইটটিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদান করছিল না।

বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন সাংবাদিকদের বলেন, তদন্ত চলাকালীন সময়ে বিমানবন্দর ও আশপাশের মহাসড়ক কমপক্ষে দু’দিনের জন্য বন্ধ থাকবে।

তিনি জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, এই ঘটনায় ‘সন্ত্রাসবাদ সম্পর্কিত কিছু নেই’ বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ নেই। এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এই তদন্তের নেতৃত্ব দেবে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি