গাজা প্রস্তাব মেনে নিতে হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘ইসরাইলি ও আরব নেতারা ইতোমধ্যেই এই পরিকল্পনা অনুমোদন করেছেন। আমরা কেবল হামাসের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে তার নতুন পরিকল্পনা মেনে নিতে হামাসকে তিন থেকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। দুই বছর ধরে চলমান সংঘাতের অবসানের কাছাকাছি থাকা প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ‘অত্যন্ত দুঃখজনক পরিণতি’ হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ওয়াশিংটনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ‘ইসরাইলি ও আরব নেতারা ইতোমধ্যেই এই পরিকল্পনা অনুমোদন করেছেন। আমরা কেবল হামাসের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প বলেন, ‘হামাস হয় এটা করবে, আর যদি না করে, তাহলে খুবই দুঃখজনক পরিণতি হবে।’ প্রস্তাবটি নিয়ে আরো আলোচনার সুযোগ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘খুব বেশি সুযোগ নেই।’

২০ দফার এই প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের হাতে আটক সব পণবন্দীদের বিনিময়, গাজা থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পরিকল্পনাটি ‘সম্পূর্ণরূপে ইসরাইলপন্থী’। এতে ‘অসম্ভব শর্ত’ আরোপ করা হয়েছে, যার লক্ষ্যই গোষ্ঠীটিকে নির্মূল করা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প যা প্রস্তাব করেছেন তা হলো ইসরাইলের সব শর্ত সম্পূর্ণরূপে গ্রহণ করা। এটি ফিলিস্তিনি জনগণ বা গাজা উপত্যকার বাসিন্দাদের কোনো বৈধ অধিকার দেয় না।’

রয়টার্স বলছে, পরিকল্পনাটি গ্রহণের জন্য হামাসের ওপর যথেষ্ট চাপ রয়েছে। সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা সকলেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।