গাজা যুদ্ধ বন্ধে কলম্বিয়ায় ৩০ দেশের কর্মকর্তাদের বৈঠক

ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে তার প্রতিবাদে হেগ গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে।

নয়া দিগন্ত অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা
যুদ্ধবিধ্বস্ত গাজা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিমতীরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ ঠিক করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় ৩০টিরও বেশি দেশের কর্মকর্তারা দুই দিনের বৈঠকে মিলিত হচ্ছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কলম্বিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন যেভাবে বারবার ভাঙা হচ্ছে, যার মধ্যে গণহত্যার মতো অপরাধও রয়েছে, তার প্রতিবাদে হেগ গ্রুপ এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠকের সভাপতিত্ব করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড-বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ আজ মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘অবশেষে গাজায় গণহত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রগুলোর সাথে কোনো বাগাড়ম্বর ছাড়াই রাজনীতিকে আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে ফিরিয়ে আনার জন্য বোগোটায় আমরা একত্রিত হচ্ছি।’